গোয়াইনঘাটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে সিদ্দিক আলী (৫০) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার নন্দিরগাও ইউনিয়নের লামাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্দিক আলী লামাপাড়ার মৃত আলতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ৪ টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। পরে শুক্রবার জুম্মার নামাজের সময় তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের নন্দিরগাও ইউনিয়নের লামাপাড়া গ্রামে তার নেতৃত্বেই দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা ব্যবসা। বিভিন্ন সময়ে এসব অভিযোগে ও মাদক সহ গ্রেফতার হলেও কিছুদিন পরে জামিন নিয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে। তার বিরুদ্ধে এলাকার সচেতন ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষের উদ্যোগে বিভিন্ন সময়ে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। তবুও তার নেতৃত্বেই চলতো মাদকের রমরমা ব্যবসা। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও পলাতক থেকেও করেছে মাদকের ব্যবসা। তার কারণে এলাকার যুব সমাজ মাদকের প্রতি দিন দিন ঝুঁকে পড়ছে। এমতাবস্থায় তার গ্রেফতারে এলাকায় কিছুটা শান্তি ফিরে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, সিদ্দেক আলী একজন সাজাপ্রাপ্ত আসামী। শুক্রবার তাকে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে শনিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।



