সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৭:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে বেড়েই চলেছে হাম ও ডেঙ্গু রোগের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং ডেঙ্গুতে ১ জন নারী মারা গেছেন।
বুধবার সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন ১৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৩ বছর ৮ মাস বয়সী সামিহা ও দিরাইয়ের ৭ মাস বয়সী পরশ এবং মৌলভীবাজারের কমলগঞ্জের ১ বছর ৮ মাস বয়সী ইলমা।
বিভাগজুড়ে বর্তমানে ৫১৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর এ পর্যন্ত সর্বমোট ১৬৮ জন হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ বছর বয়সী ছলিমা বেগম মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা।
বর্তমানে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সবমিলিয়ে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩ জন, যেখানে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১ জন করে রয়েছেন।



