আকবেটের উদ্যোগে শ্রমজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা
দারিদ্র্যের অন্ধকার পেরিয়ে স্বপ্নের পথে ১৫ বছরের নাদিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৫:৪০:০২ অপরাহ্ন
মাত্র ১৫ বছর বয়সী নাদিয়া। জীবনের এই বয়সে যেখানে অন্য শিশুদের স্কুলে যাওয়ার কথা, সেখানে দারিদ্র্যের কারণে শৈশবেই তাকে যেতে হয়েছিল অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতে। কখনো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি তার। তবে এবার বদলে যেতে শুরু করেছে তার জীবনের গল্প।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আকবেটের (UKBET) ‘ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম’-এর মাধ্যমে প্রথমবারের মতো পড়াশোনার সুযোগ পেয়েছে নাদিয়া। শুধু শিক্ষাই নয়, পাশাপাশি সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে সে এখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। দারিদ্র্যের সীমাবদ্ধতা পেরিয়ে একটি মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সে।
নাদিয়ার মতো এ বছর আরও ৯৩ জন শিশু আকবেটের উদ্যোগে বিভিন্ন ধরনের কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণ গ্রহণ করেছে। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে সেলাই, বিউটি থেরাপি, মোবাইল ফোন মেরামত ও কেক তৈরি। প্রশিক্ষণের পাশাপাশি অনেক শিশুর জন্য নিশ্চিত করা হয়েছে নিরাপদ ও বয়স উপযোগী কাজের সুযোগ।
আকবেটের এই উদ্যোগের মূল লক্ষ্য শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা, প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথ খুলে দেওয়া।
নাদিয়ার জীবনের পরিবর্তন শুধু একজন শিশুর এগিয়ে যাওয়ার গল্প নয়; এটি প্রমাণ করে, যথাযথ সহযোগিতা ও সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও নিজেদের জীবন বদলে দিতে পারে।
শিশুদের হাতে কাজের বোঝা নয়, শিক্ষা, দক্ষতা ও সম্ভাবনার আলো তুলে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার। সমাজের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে বদলে যেতে পারে আরও অনেক নাদিয়ার জীবন।



