সাধারণ ক্ষমায় ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮:২৫ অপরাহ্ন
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা (৫০) সম্প্রতি সাধারণ ক্ষমায় কারাদণ্ড মওকুফ পেয়ে মুক্তি পেয়েছেন। এক্ষেত্রে তার জন্য বাঁধা ছিল ৫০ হাজার টাকা। সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন সেটা দিয়ে দিলে সেই বাঁধা পেরিয়ে রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান নাইটু রাজু মুণ্ডা। একটি হত্যা মামলায় ২০০৩ সাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৩ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা। এক্ষেত্রে জরিমানা ছিল ৫০ হাজার টাকাও। সম্প্রতি তার সাজা মওকুফ করা হয়। কিন্তু, তার মুক্তিতে বাঁধা ছিল ৫০ হাজার টাকা। মানবিক দৃষ্টিতে সমাজসেবা কর্তৃপক্ষ তার মুক্তির জন্য বিভিন্নভাবে চেষ্টা করলেও এই ৫০ হাজার টাকা কোথাও ম্যানেজ করতে পারে নি। তবে সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী। সভায় বিষয়টি শুনে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন তাৎক্ষণিকভাবে ওই ৫০ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নেন এবং তা প্রদান করেন। যার ফলে রোববার সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা রাজু অবিবাহিত। দীর্ঘ কারাবাসে তার আপনজন বা ফিরে যাওয়ার মতো কোনো পারিবারিক আশ্রয় নেই। তবে মুক্তির পর নিজের অতীত ভুলে সামনে ভালোভাবে বাঁচার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। কারাগারে বাবুর্চির কাজ করায় বাইরেও একই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাজু।
কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে ২০০৩ সাল থেকে কারাগারে ছিলেন নাইটু মুণ্ডা রাজু। জেল কোডের ৫৬৯ বিধান অনুযায়ী, কোনো কয়েদি ২০ বছর সাজা ভোগ করলে মানবিক দিক বিবেচনায় সাধারণ মুক্তির সুযোগ রয়েছে। সেই বিধান অনুযায়ী আবেদন করার পর রাজুর মুক্তির আদেশ আসে।
প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী জানান, মানবিক কারণে রাজুর জন্য একজন দাতা খুঁজছিলেন তিনি। কয়েক জায়গায় যোগাযোগ করেও সফল হননি। পরে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় তুলে ধরেন। সভায় বিষয়টি শোনার পর নাসিম হোসাইন ৫০ হাজার টাকা দিতে সম্মত হন। সভা শেষে তিনি টাকা পাঠিয়ে দেন এবং দ্রুত রাজুর মুক্তির ব্যবস্থা করতে বলেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেন, একজনকে সহযোগিতা করতে পেরেছি, ভালো লাগতেছে। আর কিছু নয়। আমি চাই না এসব প্রচার হোক। আমি চাই মানুষটা যেহেতু সুযোগ পেয়েছে, সেহেতু স্বাভাবিক জীবনে ফিরুক ।



