সিলেটে ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২:২৪ অপরাহ্ন
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলা উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে নগরীর দরগাহ মহল্লায় সিলেট উইমেন চেম্বারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন চেম্বার সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা। তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি সিলেট উইমেন্স চেম্বারের তত্ত্বাবধানেই পরিচালিত হবে। মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মেলা বিক্রি করে দেওয়ার বিষয় নয়।
লুবানা ইয়াছমীন শম্পা বলেন, বাণিজ্য মেলা আয়োজনের বৈধ অধিকার সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রয়েছে। মন্ত্রণালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী মেলা আয়োজনের প্রক্রিয়া চলছে। মেলার সঙ্গে চেম্বারের পুরো পরিচালনা পর্ষদ যুক্ত রয়েছে। পরিচালনা পর্ষদের বাইরে কারও সঙ্গে আর্থিক লেনদেন বা কোনো গোপন চুক্তির সুযোগ নেই।
মেলার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চেম্বারের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
মেলা চলাকালে নগরীতে যানজট যাতে সৃষ্টি না হয়, সেজন্য বড় পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশাবাদী।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ইতোমধ্যে মেলার মাঠ সাজানো ও অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাবেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও ব্যবসা সম্প্রসারণে মাসব্যাপী এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



