দেশে ফেরা হলো না কানাইঘাটের করিমের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দীর্ঘদিন পর দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাবা-ছেলে। ফেরার টিকিটও ছিল তাদের হাতে, অপেক্ষায় ছিলেন স্বজনরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আপনজনদের কাছে আর ফেরা হলো না তাদের। বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা। আর গুরুতর আহত হয়েছেন ছেলে। গাড়ি করে নিয়ে আসা একই গ্রামের খালিদও সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় নিহত প্রবাসীরা হলেন- করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম। নিহত চারজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে। আব্দুল করিম ও খালিদ আহমদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে। আর আহত করিম উদ্দিনের ছেলে বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রায় ১৫ বছর থেকে সৌদি আরবে ছিলেন করিম ও খালিদ। করিম আর তার ছেলে দেশে ফেরায় বিমানবন্দরে নিয়ে আসছিলেন খালিদ।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন আব্দুল করিম ও তার ছেলে লাগেজ গুছিয়ে প্রিয়জনদের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা। দুই প্রবাসীর মৃত্যুর খবর কানাইঘাটে নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনদের বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলোর আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্নায়। এলাকায় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, নিহত ৪ জনের মধ্যে ২ জন কানাইঘাট উপজেলার। বাকিদের বিষয়ে জানা যায় নি। করিম ঘটনাস্থলেই নিহত হন আর খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।



