সিলেটে হামের উপসর্গে তরুণীর মৃত্যু, নতুন ভর্তি ১১২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরেক তরুণীর মৃত্যু হয়েছে। চলতি বছরে এনিয়ে হাম ও সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তরুণী সুমাইয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা আব্দুল মতিনের কন্যা। তার বয়স ১৮ বছর ৮ মাস। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হলেও ১১২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো বিভাগের হাসপাতালগুলোতে সর্বমোট ৪৬৬ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯১ জন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত সিলেটে হাম ও সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এরমধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু ১৪৮ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০ জন।



