একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে গোয়াইনঘাটে বেলার প্রচারাভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫:৪৮ অপরাহ্ন
একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে বেলার আয়োজনে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের নবম ও দশম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নিয়ে এ প্রচারণায় মূল উদ্দেশ্য উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বেলার বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শতাব্দী রায় বৃষ্টি, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবীব আহমদ, রাতারগুলের পরিবেশকর্মী মো. গিয়াস উদ্দিন।
বক্তারা বলেন, আজকের এই প্রোগ্রাম ও প্রেজেন্টেশন থেকে তোমরা অনেক কিছু শিখেছো। আজ থেকে প্রত্যেকেই নিজেদের ঘর থেকে পলিথিন, প্লাস্টিক বর্জন করতে হবে। গাছ লাগাতে হবে। এবিষয়ে এলাকাবাসীকে সচেতন করতে হবে, তাদেরকে জানাতে হবে।
পরবর্তীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিও চিত্র দেখানো হয় ও ধারণাপত্র দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা প্লাস্টিকের ক্ষতিকর দিক ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করেন।
শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করেন- এহতেশামুর রহমান চৌধুরী সেজান, মিনহাজ উদ্দিন, সানজিদা আক্তার ইমা, শুভশ্রী সরকার, ওয়াহিদুর রহমান, রাইম আহমদ।
এসময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, দেশের আগামীর কর্ণধার এই শিক্ষার্থীরা। তাই আমরা চাই তারা যেন পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখেন। কি করলে পরিবেশ ভাল থাকবে আর কি করলে পরিবেশ ধ্বংস হবে সেটা সম্পর্কে জানেন। এই প্রচারাভিযানের উদ্দেশ্যই হল পরিবেশ রক্ষার চিন্তা সবার মনের মধ্যে গেঁথে দেওয়া। বিজ্ঞপ্তি



