দৈনন্দিন জীবনে দ্বীনের অনুসরণেই ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে : হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মানুষের দৈনন্দিন জীবন ও কর্মে ইসলামের বিধান মেনে চলার মাধ্যমেই সমাজের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা সম্ভব। দ্বীনের প্রচার ও প্রসারের জন্য সবসময় আলাদা কোনো আয়োজনের প্রয়োজন নেই; বরং ব্যক্তি তার নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়েও দ্বীনের খেদমত করতে পারেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় একটি কনভেনশন হলে উপজেলা আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলা সম্মেলন ও তরবিয়ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, যে ব্যক্তি সম্মানের পথে চলেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা মানুষের জীবনকে সম্মান ও কল্যাণের পথে পরিচালিত করে। নিজের জীবন সংশোধন ও আত্মশুদ্ধির জন্য মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের আদর্শ অন্তরে ধারণ করা প্রয়োজন।
তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রিয়নবী (সা.)-এর ভালোবাসায় নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে যে ত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, তা অনুসরণ করেই মুসলমানদের জীবন পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখতে নিয়মিত জিকির-আজকার, ইবাদত-বন্দেগি ও সুন্নাহর অনুসরণ জরুরি। জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম হয়।
অসৎসঙ্গ মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিশুদ্ধ আকিদা, হুব্বে রাসুল, নেক আমল, খেদমতে খালক ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করার কাজে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ভূমিকা পালন করছে। সমাজে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি বিশুদ্ধ আকিদা প্রতিষ্ঠা এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
গোয়াইনঘাট উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ছয়ফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম ও সদস্যসচিব মো. শরিফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আবু জাফর মো. নুমান, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক এবং সাধারণ সম্পাদক আমিনুল এহসান জাবির।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদী, সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সদস্য সাদিকুর রহমান তানিম, ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা মছদ্দর আলী, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি মো. ইমাম উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, আব্দুল কাদির সিরাজী, হাঃ মঈনুল ইসলাম, হাঃ হাসান আহমদ, হাঃ মিজানুর রহমান, ফখরুল ইসলাম, হাঃ জুনেদ আহমেদ, হাঃ ইয়াজ উদ্দিন, মুহাম্মাদ আলি, হাঃ ইব্রাহিমসহ কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া, সিলেট সদর উপজেলা আল ইসলাহ, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলা ও স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।



