সুনামগঞ্জ বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ জেপি আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৯:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, ব্রিটিশ সরকারের সাবেক ম্যাজিস্ট্রেট আলহাজ্ব আব্দুল লতিফ জেপি আর নেই। আজ সোমবার দুপুরে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যা, ১০ ভাইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দিরাই উপজেলার পুকিডর মাদ্রাসা মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে প্রয়াতের সহোদর,সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মো. সুজন আহমেদ জানিয়েছেন।
জানা গেছে, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের কৃতি সন্তান আব্দুল লতিফ জেপি দীর্ঘদিন ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি দেন। তিনি ১৯৮৯ সালে বার্মিংহাম বিএনপির সহসভাপতি, ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত বার্মিংহাম বিএনপির সভাপতি পরবর্তীতে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। দেশে ফিরে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল লতিফের সামাজিক কর্মকান্ডে এক সময় ব্রিটিশ সরকার তাকে জাস্টিস অফ দ্য পিস (জেপি) পদকে ভূষিত করে। সুনামগঞ্জ জেলা শহরের মুক্তারপাড়ায় বসবাসকারী আব্দুল লতিফ জেপি সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন পেতে তৎপরতা চালান। যুক্তরাজ্যের পাশাপাশি তিনি বাংলাদেশেও বসবাস করতেন। সম্প্রতি তার শারীরিক অসুস্থতার দরুন তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে তিনি না ফেরার পথে পাড়ি দেন।
আব্দুল লতিফ জেপি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর মামা।
এদিকে,প্রবীণ বিএনপি নেতা আব্দুল লতিফ জেপির মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।




