ওসমানীনগরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪১:০৬ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে শিপন আহমদ(২৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদী থেকে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করে পুলিশ।
সে উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা(গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে চালক শিপন বাড়ী থেকে বের হলে আর বাড়িতে ফিরে যায় নি। গতকাল রবিবার সকালে নদীর পারে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিপন আহমদের বড় বোন শাবানা বেগম বলেন, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শিপনের মোবাইল ফোনে যোগাযোগ করলে শিপন জানায় ভাড়ায় দূরবর্তী স্থানে যাচ্ছে। এর ১০ মিনিট পর আমার মালিকানাধীন সিএনজি চালক শিপনকে ফোন দিলে অন্যব্যক্তি ফোন রিসিভ করে পরে কথা হবে বলে ফোন বন্ধ করে দেয়। এর পর থেকে শিপনের সাথে যোগাযোগ করতে পারেনি।
ওসমানীনগর থানার ওসি মোরশেদুল হাসান ভূইয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি খুন। এই খুনের রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত আছে। থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।




