গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মেডিসিন ক্রিম উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৬:২৪:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মেডিসিন ক্রিম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের ছোটখেল এলাকায় রাধানগর–গোয়াইনঘাট রাস্তায় অভিযান পরিচালনাকালে একটি টাটা ডিআই পিকআপ গাড়ীকে থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে ছোটখেল গ্রামের দিকে প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে অফিসার ও সঙ্গীয় ফোর্স পিকআপ গাড়ীটির পিছু নিলে চালক কৌশলে গাড়ীটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়ীটি তল্লাশি করে ১৭টি প্লাস্টিকের বস্তায় মোট ১৮,৫৬৪ (আঠারো হাজার পাঁচশত চৌষট্টি) প্যাকেট Clobetasol Propionate & Gentamicin Sulphate নামক ভারতীয় অবৈধ মেডিসিন ক্রিম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ডিআই পিকআপ গাড়ীসহ সর্বমোট চোরাই ভারতীয় মেডিসিন ক্রিমের আনুমানিক বাজার মূল্য চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার চারশত আশি টাকা নির্ধারণ করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক পিকআপ গাড়ীর চালক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলার প্রক্রিয়া চলছে।




