বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট স্টেডিয়ামে ‘তিল ঠাঁই আর নাই রে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি যেন বলে দিলো রবিঠাকুরের অমর পঙক্তি- ‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে’। বিসিবির ভাষ্য অনুযায়ী, প্রথম দিনে খেলা দেখতে সিলেটের গ্যালারিতে হাজির হয়েছেন ১৭ হাজার ৮৮৪ জন দর্শক।
আজ (শুক্রবার) এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল স্বাগতিক সিলেট। জুমার নামাজের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের ঢল নামে স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগেই গ্যালারির প্রায় অর্ধেক আসন পূর্ণ হয়ে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো স্টেডিয়ামের সবকটি গ্যালারি দর্শকে কানায় কানায় ভরে ওঠে।
১২ তম আসরের বিপিএল সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার আনন্দে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দলের দেশি, বিদেশি তারকা ক্রিকেটারদের এক নজর দেখতে এবং প্রিয় দলকে সমর্থন জানাতে আগেভাগেই টিকিট সংগ্রহ করেন ক্রীড়াপ্রেমীরা। পুরো স্টেডিয়ামের বাইরে ও ভেতরে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্র জানিয়েছে, প্রথম দিনের টিকিট প্রায় সম্পূর্ণ বিক্রি হয়ে যায় আগেভাগেই। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া খেলা উপলক্ষে কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, বিপিএল সিলেট পর্ব ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ কমিশনার নিজে সরাসরি তদারকি করছেন। খেলোয়াড়, ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ, মাঠের আশপাশের এলাকা এবং টিম হোটেলগুলোতে সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠ ও মাঠের আশেপাশে দায়িত্ব পালন করছেন।




