ম্যাচ শুরুর ২০ মিনিট আগে সিলেটের মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন কোচ জাকি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ২:৫৯:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ম্যাচ শুরুর ২০ মিনিট আগে হার্ট অ্যাটাক করে মাঠে লুটিয়ে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ। এ সময় মাঠে উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরা।
এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী। এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়। তবুও শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই কোচকে।




