অটোরিকশা দাঁড় করানো নিয়ে ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫:৫৩ অপরাহ্ন
ছাতক সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদ দাতা : ছাতকে অটোরিকশাকে রাস্তার পাশে দাঁড় করানোকে কেন্দ্র নোয়ারাই ও ঠেংগার গাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
লাফার্জ কোম্পানীর সামনের রাস্তার মেরামতের কাজ চলাকালীন অবস্থায় গত শনিবার বিকেলে ঠেংগারগাওয়ের অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া বিপদজ্জনকভাবে গাড়ি রাস্তার পাশে দাঁড় করানোকে কেন্দ্র করে রাস্তা মেরামতের কাজে কর্তব্যরত নোয়ারাই গ্রামের ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার সাথে উজ্জল মিয়ার কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর উজ্জ্বল মিয়া তার দলবলসহ ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার উপর আকস্মিক হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়।
এই ঘটনার জের ধরে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়ারাই ও ঠেংগার গাওয়ের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। দুই ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত ইমন (২৬), মরম আলী (৬২), আবুল হোসেন ( ২৭), ওলি আহমেদ (২৬), সায়মন ( ২২), ইউসুফ (১৮) কে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্হানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



