সিলেটে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় মদ ও গরুসহ বিভিন্ন মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৭:১২:১৬ অপরাহ্ন
সিলেটে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় মদ ও গরুসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম।
বিজিবি জানায়, মঙ্গলবার সকালে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ১০ টি এবং পিকআপ ১ টি জব্দ করা হয়। জব্দকৃত গরু ও পিকআপের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ টাকা।
এছাড়াও এদিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৯৬ বোতল, চা পাতা ১৭০ কেজি, চিনি ১০০ কেজি, মহিষ ১ টি, কম্বল ৫ টি, সুপারি ১২ কেজি এবং পান ৪০ বিড়া আটক করা হয়। আটককৃত মাদক ও অন্যান্য মালামালের বাজারমূল্য ৩ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
সবগুলো অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ২৬ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




