বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই রাষ্ট্রের নাগরিক- মাওলানা লোকমান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৬:১৭:৫০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট- ৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন- বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার বিনষ্টকারীরাই মূলত রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছে। ইসলামের ছায়াতলে সকল মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ রয়েছে। ইসলাম জোরপূর্বক কারো উপর কিছু চাপিয়ে দেয় না। বরং এ বিষয়ে ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গয়াসি গ্রামের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশের সব নাগরিক সমান অধিকার পাবে। মুসলিম, অমুসলিম সবাই নিজ নিজ ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবেন। আমরা এই সংগ্রাম করছি, চেষ্টা করছি একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। যেখানে সবার জান-মাল, ইজ্জত, উপাসনালয় সবকিছুর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আধুনিক সুন্দর সমৃদ্ধপূর্ণ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চাই। দেশ, মানুষ, দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই আমাদের এই প্রিয় দেশটাকে আমরা আগামী দিনে সুন্দরভাবে সাজাবো। সর্বপরি একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে সৎ নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে। সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে সরকার গঠন করতে পারলে জনগণ মানবিক বাংলাদেশের সুফল পাবে ইনশাআল্লাহ।
দিরেন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার মজলিশে শূরা সদস্য ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইমরান আহমদ চৌধুরী, সদর ইউনিয়নের আমির ওয়াহিদুর রহমান খান , উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সুবল বিশ্বাস, খলকু মিয়া, সমিরন বিশ্বাস, ডা সুবরত বিশ্বাস, আসগর আহমদ, আব্দুর রাজ্জাক, মতিন্দ্র বিশ্বাস, সুয়েজ আহমদ সুহেল, ময়নুল ইসলাম, শফিকুর রহমান, আসমতুর রহমান প্রমুখ।




