যথাসময়ে শাকসুর দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ২:৫৫:০৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার ( ১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন- ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না, শাকসু মোদের অধিকার, রুকে দেওয়ার সাদ্ধ কার’।
এসময় শিক্ষার্থীরা বলেন, গতকাল একজন ভিপি প্রার্থী পরিকল্পিতভাবে রিট দায়ের করেছে শাকসু বানচালের জন্য। আজ আবার জাতীয়বাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা বলতেছেন তারা নির্বাচনে সহযোগিতা করবেন না। আমরা ধরে নিচ্ছি এটা তাদের পূর্ব পরিকল্পনার অংশ। শাকসু না দেওয়া পর্যন্ত কোন প্রশাসনিক কার্যক্রম চলতে দিব না আমরা।
এর আগে বিএনপিপন্থী ৮ জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন নির্বাচন কমিশন থেকে।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার দীর্ঘ ২৮ বছর পরে হওয়ার কথা শাকসু নির্বাচন। এই নির্বাচন বন্ধের জন্য গতকাল রোববার শাকসু নির্বাচনের এক ভিপি প্রার্থী হাইকোর্টে রিট করেছেন। আর এদিনই শাকসু নির্বাচন বন্ধ সহ তিন দফা দাবীতে ইসি ভবন ঘেরাও করে কেন্দ্রীয় ছাত্রদল। এনিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে এক অনিশ্চয়তা কাজ করছে।




