জৈন্তাপুরে ১০টি ভারতীয় এয়ারগান উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৪২:৪৪ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুরে ১০টি ভারতীয় নতুন এয়ারগান ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ (১৯ জানুয়ারি) সোমবার ভোর রাত ৪টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রিজের সংলগ্ন সিলেট তামাবিল-জাফলং মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করে এসব অস্ত্র উদ্বার করে পুলিশ।
পুলিশ জানায়, তল্লাশীকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। এসময় মোটরসাইকেল আরোহীরা কৌশলে মোটরসাইকেল সহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় ১০টি নতুন এয়ারগান উদ্ধার করে। এছাড়া আসামিদের ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, অস্ত্র উদ্বার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের পরিচয় সনাক্ত সহ তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




