নন রেসিডেন্টস বাংলাদেশ নেটওয়ার্ক সংবাদ সম্মেলন
দেশের প্রতিটি বিমানবন্দরে প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনসহ চার দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ১:০২:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের প্রতিটি বিমানবন্দরে প্রবাসীদের হেল্প ডেস্ক স্থাপনের দাবি জানিয়েছে ইউকে ভিত্তিক নন রেসিডেন্টস বাংলাদেশ নেটওয়ার্ক। এর বাইরে তাদের আরও তিনটি দাবি হচ্ছে-দেশের প্রতিটি জেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ডেডিকেটেড সাপোর্ট অফিসার নিয়োগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংস্কার এবং দেশের বাইরে কোন প্রবাসী মারা গেলে তাঁকে বিনা খরচে দাফন-কাফনের ব্যবস্থা করা।
গতকাল সোমবার বিকেলে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন-সংগঠনের ওয়ার্ল্ড চ্যাপ্টারের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন।
প্রবাসীদের এসব দাবি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের জাতীয় অর্থনীতির জীবনীশক্তি। তারা প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তারা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন।
কিন্তু, প্রবাসীরা অনেকক্ষেত্রেই তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতি এবং তাদের নিরাপত্তা ও সম্মানিত করা গেলে তারা দেশের জন্য আরো অনেক কিছু করতে সক্ষম হবেন।
সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট স্থগিতের সমালোচনা করে তারা বলেন, নর্থ ইংল্যান্ডে প্রায় ২ লাখ প্রবাসী বসবাস করেন। এর মাধ্যমে এ অঞ্চলের প্রবাসীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। তিনি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা তাগিদ দিয়ে বলেন, আমরা সারাবিশ্বের প্রবাসীদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করতে চাই। তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য প্রবাসী আহমেদ জাকারিয়া জামি, তাজুল ইসলাম, মাহবুবুল আলম ও ইমরান আহমদ। এছাড়া, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল আবিদুর রহমান, অধ্যাপক বাছিত ইবনে হাবীব প্রমুখ।




