বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৭:২৪:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনুমিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও জানিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো হবে না।
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে উচ্ছুক ছিল বাংলাদেশ। ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচ খেলতে চেয়ে ডিআরসিকে চিঠি দেয় বিসিবি। তবে নিজেদের আইন অনুযায়ী, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি)। বিসিবির আবেদন খারিজ করে দেয় ডিআরসি।




