শাবির ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপটেস্ট বাধ্যতামূলক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৬:৫৮:১৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। বিগত বছরগুলোর ন্যায় এবছরও প্রতিটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ-টেস্ট করে ভর্তি সম্পন্ন করা হবে। এজন্য সশরীরে উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।
আজ সোমবার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ৫০০ মেরিটে থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি একই সময়ে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ৫০১ থেকে ৯৬০ মেরিটের ভর্তি চলবে। একইদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘এ-২’ (আর্কিটেকচার) ইউনিটের ১ থেকে ৩০ মেরিটের ভর্তি নেওয়া হবে। বিষয় নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (মেরিট) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে।
দুদিন বিরতি দিয়ে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্যে দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং সাথে পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।
এবছরও গতবছরের ন্যায় ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯০০ টাকা। একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন করা হবে; পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না। এছাড়া ভর্তি কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায়, প্রয়োজনীয়সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।




