নির্বাচিত হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবো- মোহাম্মদ সেলিম উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৩:৩৯ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর আঘাতে বিশ্বাস করে না। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়সজ বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করেন। আমি নির্বাচিত হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলায় ধর্মীয় সহাবস্থান নিশ্চিত এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করবো। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, মানুষ হিসাবে হিন্দু-মুসলমান সমান নাগরিক নিশ্চিতে কাজ করবো।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় বিয়ানীবাজার উপজেলার হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে জামায়াতে ইসলামী। একটি ইনসাফভিত্তিক, বৈষম্য ও শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, নতুন একটি বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীকে একবার ক্ষমতায় পাঠিয়ে পরীক্ষা করুন, আর দেখুন জামায়াতে ইসলামী দেশের কোন পরিবর্তন আনতে পারে কিনা?’
তিনি বলেন, ‘আমরা সকল ধর্মের মানুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেই দেশে শান্তি এবং সম্প্রীতি নিশ্চিত করে এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে হিন্দু বিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়। অথচ দেশে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এসময় তিনি দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে হিন্দু নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘আমরা হিন্দু সম্প্রদায় সহ ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাধীন কমিশন করে তাদের ওপর হামলা-নির্যাতনের বিচার করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবো।’
হিন্দু সম্প্রদায়ের প্রবীণ মুরব্বি খমা বৈদ্যের সভাপতিত্বে বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলালের সঞ্চালনায় সভায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহও জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে উপজেলার ক্রিকেটারদের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, ক্রিকেট এসোসিয়েশন ও ক্রিকেটারদের সাথে মোহাম্মদ সেলিম উদ্দিন মতবিনিময় করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচিত হলে স্থানীয় ক্রীড়াঙ্গন তথা ক্রিকেটের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, বৃহস্পতিবার দিনভর বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ও তিলপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোহাম্মদ সেলিম উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।




