লালাখালে ঘুরতে গিয়ে পানিতে ডুবে শাবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:০২:২৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে পানিতে গোসলে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০জানুয়ারি) বিকেলে লালাখাল জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় ওই শিক্ষার্থীর নাম মুসআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্যপদে প্রার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তবে পরিবার থাকে গাজীপুরে।
ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘শাবির’ এক ছাত্র পানিতে ডুবে নিখোঁজ -এমন খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে পানি থেকে ওই শিক্ষার্থীর দেহ উদ্ধার করে। পরে আমরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৪টা ৩৫মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
জানতে চাইলে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘আমরা কয়েকজন সিলেটের লালাখাল ঘুরতে গিয়েছিলাম। সেখানকার জিরো পয়েন্ট এলাকায় বেলা একটার দিকে নদীতে গোসল করতে নামি সবাই। ১০মিনিট পর মুসআবকে তখন আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর খোঁজাখুজি শুরু করি, পুলিশকে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে মৃতদেহ উদ্ধার করে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘পুলিশ সুরতহালের একটি প্রতিবদেন তৈরি করবেন। এরপর তারা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো। ইতোমধ্যে ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসতেছেন। ময়নাতদন্তের না করার জন্য হয়তো পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিবেন।’




