বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, অপরজন আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন তার আরেক বন্ধু। আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তরুণ বাঁধন আহমেদ (১৯) বিয়ানীবাজার উপজেলার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। আহত মাহিন (১৯) একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। দুজনেই মোটরসাইকেল আরোহী ছিল।
জানা যায়, একটি মোটরসাইকেলে করে বাধন ও মাহিন যাচ্ছিলেন। বাগবাড়ী মডেল স্কুলের সামনে যাওয়ার পর একটি নোহা গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাঁধন ঘটনাস্থলেই মারা যান ও মাহিনকে গুরুতর আহতাবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, তারা দুজনেই বন্ধু ছিল। সকালে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান আর আরেকজন এখন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বাঁধনের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




