বিশ্ব জলাভূমি দিবসে ঘাসিটুলায় পাখি সুরক্ষার বিলবোর্ড স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫:০৮ অপরাহ্ন
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট’ নগরীর ঘাসিটুলায় অবস্থিত লামাপাড়া কবরস্থান সংলগ্ন জলাভূমিতে পরিযায়ী পাখির গড়ে ওঠা অভয়াশ্রমে একটি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করে। এতে লেখা হয়, দেশি ও পরিযায়ী পাখি প্রকৃতির বন্ধু এদের প্রতি যত্নশীল হোন। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা।
বিলবোর্ড স্থাপনকালে আয়োজকদের পক্ষ থেকে পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, দেশি ও পরিযায়ী পাখি রক্ষায় পরিবেশকর্মীরা দুই দশক ধরে সিলেটে কাজ করছেন। পাখি ও বন্যপ্রাণী সুরক্ষায় পরিবেশকর্মীদের উদ্যোগে গণমাধ্যমকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করেন। ফলে সিলেটে দেশীয় ও পরিযায়ী পাখি সুরক্ষায় মানুষ যথেষ্ট সচেতন। তাই নগরের অভ্যন্তরের জলাভূমিতে এখন পরিযায়ী পাখিরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছে, যা নগরবাসীর জন্য গৌরবের। তিনি বলেন, নগরীর কেন্দ্রস্থলে লামাপাড়ার এই বিল ও মাছুদিঘিতে এবার অনেক পরিযায়ী পাখির বিচরণ ঘটেছে। পাখিদের প্রতি স্থানীয় মানুষের দায়িত্বশীল আচরণ ও মমত্ববোধ দেখে আমরা গর্বিত। তবে পাখি শিকারীদের দৌরাত্ম্যে আমরা শংকিত। তাই সকল মানুষকে সচেতন করতে ট্রাস্টের পক্ষ থেকে এই বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।
(৩রা জানুয়ারি) মঙ্গলবার বেলা ১২টায় ঘাসিটুলা লামাপাড়া এলাকার জলাভূমিতে বিলবোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রেফাই সরকার।
বিলবোর্ড উদ্বোধন করে তিনি বলেন, সিলেট নগরীর সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটছে। ছড়া ও খাল পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। এই জলাভূমিতে পরিযায়ী পাখির বিচরণ দেখে বোঝা যায় এখানকার মানুষ প্রকৃতিকে ভালোবাসে। যারা প্রকৃতিকে ভালোবাসে তাঁদের নগরী অবশ্যই পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবেদীন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার), ট্রাস্টি এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য রোমেনা বেগম রোজী, সোহাগ তাজুল আমিন আব্দুর রহমান হীরা, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মামুনুর রশীদ, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব প্রমূখ



