বিএনপির জনসভায় যাওয়ার পথে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৬:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মিছিল নিয়ে বিএনপির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা গেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌরসভায় সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তিনি মারা যান।
২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজোর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুহেল আহমদ চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
জানা যায়, আজ সোমবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতিকের সমর্থনে শেষ নির্বাচনী জনসভা ছিল। মিছিল নিয়ে জনসভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন সুহেল আহমদ চৌধুরী। সঙ্গে সঙ্গে তার সঙ্গীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, সুহেল আহমদ চৌধুরী নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মিছিলে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। তার লাশ বর্তমানে বাড়িতে আছে। আমি এখন সেখানে যাচ্ছি।
সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।




