ছাতকে ১১ দলীয় জোটের নির্বাচনী শেষ সমাবেশে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী
‘উন্নয়ন বঞ্চিত ছাতক-দোয়ারায় পরিবর্তন ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১:০০:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ছাতক-দোয়ারাবাজার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। বিগত সময়ে মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। উন্নয়নের নামে হরিলুট দেখেছে। মানুষ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আমাকে যদি এই আসনে নির্বাচিত করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমি জনগণের সেবক হিসেবে কাজ করব।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ছাতক পৌর শহরের বেবিস্ট্যান্ডে ১১ দলীয় জোটের নির্বাচনী শেষ সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বলেন, ছাতক ও দোয়ারাবাজারে পৃথক মহিলা কলেজ স্থাপন, জরাজীর্ণ ছাতক পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর, দক্ষিণ ছাতকে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ, শিল্পনগরী ছাতকের বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও সর্বক্ষেত্রে নারীদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষাগুরু। তিনি বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ মদীনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেও দেশের কল্যাণে শিক্ষাব্যবস্থায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমন একজন আলেমে দ্বীন নির্বাচিত হলে এই অঞ্চলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।
ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আকবর আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালীম, সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শাহীন আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মোঃ শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহসভাপতি মাওলানা রমিজ উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী আরও বলেন, আগামীর বাংলাদেশে ছাতক-দোয়ায় কোনো দুর্নীতি সহ্য করা হবে না। এই এলাকার জনগণ প্রশাসনিক কোনো কাজে দুর্নীতি ও ঘুষের কাছে জিম্মি হবে না। বিভিন্ন জাতি-ধর্মের মানুষ ইনসাফ, মর্যাদা ও সাম্যের সাথে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকবে। কেউ কোনো বৈষম্যেও শিকার হবে না।
তিনি বলেন, ছাতক পৌরসভা নামে এ গ্রেডের পৌরসভা হলেও বিগত দিনে এখানে লোটপাট ছাড়া কোনো কাজ কিছু হয়নি। ফলে এটি জরাজীর্ণ ও অবহেলিত পৌরসভা হিসেবে পড়ে আছে। আমি নির্বাচিত হলে এই পৌরসভার গুণগত উন্নয়নের মাধ্যমে এটাকে সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।
তিনি বলেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোয়রাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া। দক্ষিণ ছাতকবাসীর দীর্ঘদিনের দাবী দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের উদ্যো গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শিল্পনগরী ছাতকের বন্ধ শিল্পকারখানাগুলো দ্রুত সচল করা হবে। বেকারত্ব দূর করার লক্ষ্যে যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম জনগোষ্ঠিতে পরিণত করা হবে। যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া এলাকাগুলোকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করা হবে। ছাতক, দোয়ারাবাজার ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজকে মাস্টার্সে উন্নীত করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আগামী ১২ তারিখে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাতক পৌর জামায়াতের আমীর প্রকৌশলী নোমান আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সেক্রেটারি মাওলানা আলমাছ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সিলেট মহানগর জামায়াতের সুরা সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল নোমান, ছাতক উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল ও সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন আহাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আফজাল হোসাইন। সমাবেশে যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা খায়রুল ইসলাম রফিক ও যুক্তরাজ্য প্রবাসী সুলতান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১১টায় দোয়ারাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ছাতক-দোয়ারার মানুষ উন্নয়নের মুখ দেখেনি। যারাই ক্ষমতায় এসেছেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে যুগের পর যুগ ঠকিয়েছেন। মানুষের হক মেরে খেয়েছেন। লুটপাট করে এই অঞ্চলের মানুষের সম্পদ দিয়ে নিজেদের আখের গুছিয়েন। এই অপশক্তির হাত থেকে ছাতক-দোয়ারার মানুষকে রক্ষা করতে হবে।




