কওমি মাদরাসা ছাত্রদের আইটি প্রশিক্ষণে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের
জেলা প্রশাসকের সাথে আযাদ দ্বীনি এদারার মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৭:৩৪:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ক্ষেত্রে আযাদ দ্বীনি এদারা চাইলে কওমি মাদরাসার ছাত্রদের আইটি প্রশিক্ষণে সহায়তা করবে জেলা প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এদারার সহকারী মহাসচিব ও সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এদারার সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক বহরগ্রামী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা আহমদ কবীর, মজলিসে শূরা ও আমেলার সদস্য মাওলানা সৈয়দ মুমিন আহমদ মবনু ও সাধারণ বিভাগের সহকারী সচিব মাওলানা মাহফুজ চৌধুরী ইমরান।
বৈঠকে জেলা প্রশাসককে জানানো হয়, আযাদ দ্বীনি এদারার মজলিসে শূরার সিদ্ধান্ত আনুযায়ী সিলেট অঞ্চলের কওমি মাদরাসা সমুহের যেকোনো সংকট ও উদ্ভুত পরিস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথে সবধরনের যোগাযোগ রক্ষা করে উদ্ভুত পরিস্থিতি থেকে ন্যায়সঙ্গত উত্তরণের চেষ্টা করবে আযাদ দ্বীনি এদারা শিক্ষাবোর্ডের সাত সদস্যের এই প্রতিনিধি দল। জবাবে জেলা প্রশাসক কওমি মাদরাসা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ও কার্যক্রমের জন্য আযাদ দ্বীনি এদারার সাথে যোগাযোগ রক্ষার আশ্বাস দেন।
জেলা প্রশাসক বলেন, কওমি মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম ও শিক্ষার মান পর্যবেক্ষণে শিগগিরই তিনি আযাদ দ্বীনি এদারা ও সিলেটের বড় বড় মাদরাসাগুলো পরিদর্শন করবেন। জবাবে প্রতিনিধি দল জেলা প্রশাসকের এই আগ্রহকে স্বাগত জানান। মতবিনিময়কালে প্রতিনিধি দল আশা প্রকাশ করেন, এখন থেকে প্রশাসন ও কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে।



