সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৮:২৯:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সব ধর্মের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় করে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি মৌলভীবাজারে এসেছেন। আগের বছরের তুলনায় এবার দুর্গাপূজা আরও সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আবদুর রহিম রিপন, জ্যেষ্ঠ সদস্য এম এ মুকিত এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শন শেষে মন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার শ্রীশ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরে বেলা আড়াইটার দিকে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান। সেখানে কলেজ রোডের শ্রীশ্রী মঙ্গলেশ্বরী কালিমন্দির, স্বরলিপি সংঘ ও শাপলাবাগ মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
শ্রীমঙ্গলের শাপলাবাগ আবাসিক এলাকার দুর্গাপূজামণ্ডপে স্বরলিপি সংঘের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শ্রীমঙ্গলে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম রিপন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় নেতারা।
দিনের শেষ পর্যায়ে মন্ত্রী কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



