সিলেটে ফার্মেসিতে অভিযান চালিয়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৯:০২:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ফার্মেসিতে অভিযান চালিয়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ ফেমাস মার্কেটের জাকির ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করে জেলা প্রশাসন।
জানা যায়, রোববার বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ ফেমাস মার্কেটের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় জেলা প্রশাসন। সেখানে অভিযানের খবর পেয়ে একাধিক ফার্মেসি ব্যবসায়ীরা দোকানের শাটার টেনে বন্ধ করে পালিয়ে যান। পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ওই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। আর সেখানে কিছু সরকারি ওষুধ পাওয়া যায়, যেগুলো বিক্রি আইনত নিষিদ্ধ। পরে সেখানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী সময়ের জন্য সর্তকও করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



