শাবি ছাত্রদল নেতার উদ্যোগে ৩০৫টি চারা বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬, ৬:২৮:৫১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদলের সহসভাপতি শরীফ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে পেয়ারা, কাঠবাদাম, জলপাই, নিম, আমলকী, তাল, জাম, সুপারি, পামসহ বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কিন স্কুলের শিশু, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এসব চারা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক পাবেল শাহরিয়ার, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শাবিপ্রবি শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুহাগ ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শরীফ আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশের প্রতি ভালোবাসা থেকে তিনি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তিগত উদ্যোগে টিউশনির টাকা দিয়ে শরীফ আহমেদের চারা বিতরণের বিষয়টি অন্যদের জন্য অনুকরণীয়। শিক্ষার্থী ও ক্যাম্পাসের কল্যাণে অন্য সংগঠন ও ছাত্রনেতাদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।



