শাহপরানে ব্যবসায়ীকে কুপিয়ে খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৪:১৯:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের শাহপরান (রহ) মাজার এলাকায় শাহাব উদ্দিন নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের ইসলামাবাদ আবাসিক এলাকার দুই নম্বর ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার মৃত ইজ্জাদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শাহপরান (র.) এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন ও শাহপরান (রহ) মাজার এলাকার ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে-ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কে বা কারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী জানান, রোববার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হয়ে আসেন শাহাব উদ্দিন৷ এসময় তিনি তার নাতিনকে দেখে রাখার জন্য বলে ঘর থেকে বেরিয়ে যান। এরপর রাতে তারা জানতে পারেন তাকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই। আমরা এই ঘটনার বিচার চাই।
নিহত শাহাব উদ্দিনের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, আমাদের এলাকার এক ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাপকে স্টেপ করে সেজদারত অবস্থায় ফেলে রেখে গেছে। তার শরীরের তিনটি আঘাতের চিহ্ন (কোপ) রয়েছে।
এব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খুন হওয়া ব্যক্তি স্থানীয় একটি ছোট মুদি দোকানদার। রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহতের গলা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।



