মিলন-মিজানের নেতৃত্বে ছাতক শহরে গণমিছিল, ধানের শীষে ভোটের আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৭:৫৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে সাথে নিয়ে ছাতক শহরে গণমিছিল করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
গণমিছিলশেষে নির্বাচনী সমাবেশে এমপি প্রার্থী মিলন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বদলে দিতে পারে ছাতক-দোয়ারাবাজারের ভবিষ্যৎ। একটি মাত্র মূল্যবান ভোট খুলে দিতে পারে একটি নতুন বাংলাদেশের দুয়ার। জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগব্যবস্থা, যুব কর্মসংস্থান ও মানবিক সেবার নতুন দিগন্ত তৈরি হবে।সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী ধানের শীষের বিকল্প নেই-উল্লেখ করে বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্রকে ব্যালটের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। কর্মসূচিতে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির নেতা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুর আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জসিম উদ্দিন সুমেন, যুব জমিয়ত উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।



