নির্বাচনে জিতে মিষ্টি ও ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির নাসের রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : ভোটে জিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল মান্নানের বাড়িতে গেলেন মৌলভীবাজার-৩ আসনে বিএনপি থেকে বিজয়ী নাসের রহমান। এমন ঘটনায় তিনি রাজনৈতিক সৌহার্দ্যরে আরেক নজির দেখালেন বলে মনে করেন অনেকে।
গতকাল শুক্রবার জুমআর নামাজ শেষে হঠাৎ করেই রাজনগর উপজেলার দত্তগ্রামে আব্দুল মান্নানের বাড়িতে মিষ্টি ও ফলমূল নিয়ে হাজির হন নাসের রহমান। সেখানে নিজেদের মাঝে প্রতিদ্বন্দ্বিতার সময় নানা সমালোচনা করেন একে অপরে। তিনি সাক্ষাত করে এক সাথে মিলেমিশে মৌলভীবাজারের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, রাজনগর বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।



