লন্ডন প্রবাসীকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী সহ গ্রেফতার- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৬:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জকিগঞ্জে চাঞ্চল্যকর লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এটি মূলত ব্যক্তিগত দ্বন্দ্বে হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজের আব্দুস সামাদের ছেলে সাব্বির আহমেদ(২১), সৈয়দ মুহিবুর সামাদের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন(২০), একই উপজেলার ঘেচুয়ার আব্দুল হকের ছেলে তাহিরুল হক(২০)।
মারা যাওয়া বুরহান উদ্দিন শফি (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউপিস্থ বিলপাড় সাকিনের মাসেরচক হাওর বিলপাড় এ লন্ডন প্রবাসী বোরহান উদ্দীন শফির প্রায় সম্পূর্ণ আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা রুজর পর থেকে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিলেটের একাধিক টিম মূল রহস্য উদঘাটনের নিমিত্তে তদন্ত কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখা সিলেটে হস্তান্তর হলে জেলা গোয়েন্দা শাখা সিলেটের একাধিক টিম তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামী সাব্বির আহমেদকে জকিগঞ্জ থানাধীন সুলতানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২নং আসামী সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভনকে নারায়নগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৩নং আসামী তাহিরুল হককে ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেলসহ তার শ্বশুরবাড়ি লালাগ্রাম থেকে ২১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। ১নং ও ২নং আসামী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, প্রথমিক তদন্তে জানা যায় যে মূলত ব্যক্তিগত দ্বন্দের জের ধরে উক্ত হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। উক্ত মামলার অন্যান্য আলামত জব্দ ও আসামী গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, নিহত বুরহান উদ্দিন শফি লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।



