জাফলংয়ে অবৈধ বালু তোলা বন্ধে টাস্কফোর্সের অভিযানে আটক- ৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯:৫২ অপরাহ্ন
জাফলঅনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু তোলা বন্ধে টাস্কফোর্স অভিযানে ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮০-৯০টি বারকি ও ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হারুনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



