পুস্তক বিক্রেতা সমিতির অভিষেক অনুষ্ঠিত
আলোকিত সমাজ গড়ে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই- আব্দুল কাইয়ূম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ১১:৫৪:১৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন,বই একটি জাতির মেধা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান মাধ্যম। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব কমেনি; বরং সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে দেশের প্রকাশনা শিল্প আরও সমৃদ্ধ হবে।
তিনি শুক্রবার বিকেলে নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাপুস’র সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. মোরশেদ আলমের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাপুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় পরিচালক ও কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক গাজী নাসির, বাপুসের সাবেক সভাপতি ও পরিচালক মাহবুবুল আলম মিলন, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক জনাব মো. আনোয়ার রশিদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও বাপুস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী ।
অনুষ্ঠানে অভিষেক কমিটির আহ্বায়ক ও বাপুস সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সদস্য সচিব ও সহ-সভাপতি মামুনুর রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, কোষাধ্যক্ষ ফখরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন পর্যায়ের বই ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বই ব্যবসার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।




