দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে আহত- ৩০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৭:১৯:৩৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৭ মার্চ ) সকালে উপজেলার ভাটিপাড়া বাজার এলাকায় শিশির নূর ও রাসেল মিয়ার লোকজনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন। শনিবার সকালে তার লোকজন ওই ডুবাটি শুকাতে গেলে, শিশির নূরের লোকজন এতে বাঁধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই খবর বাড়িতে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাসেল মিয়া ও শিশির নুরের লোকজন ভাটিপাড়া বাজারে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, গুরুতর আহত মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



