মধ্যপ্রাচ্য সংকটে দেশে বাড়ল ডলারের দাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ১০:০৬:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার (১০ মার্চ) ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। এক সপ্তাহ আগেও আমদানিতে ১২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম নিয়েছিল ব্যাংকগুলো।
বাণিজ্যিক ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
আজ সকালে এক আমদানিকারক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সুযোগ নিচ্ছে। হঠাৎ করে আমদানিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে দিয়েছে। এতে আমদানি খরচ বেড়ে যাচ্ছে। এখন ভোক্তাপর্যায়ে দাম বেড়ে যাবে।
ব্যাংকগুলো থেকে জানা যায়, যুদ্ধের কারণে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় বিদেশি রেমিট্যান্স হাউসগুলো ডলারের দাম বেশি প্রস্তাব করছে। আগে ১২২ টাকা দরে প্রবাসী আয়ের ডলার কেনা যেত। সেটা বেড়ে এখন ১২৩ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এতে আমদানিতে ডলারের দাম বেড়ে গেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত মুদ্রার হারসংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সেখানেও ডলারের দাম ২৫ পয়সা বেড়ে গেছে। ৩ মার্চ ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ৩৩ পয়সা, এখন তা বেড়ে হয়েছে ১২২ টাকা ৫৮ পয়সা।



