শারীরিক অবস্থার অবনতি : দুই মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে জুলাইযোদ্ধা আলালের পরিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৪:৫১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে এক চোখ হারানো আলালের শারীরিক অবস্থার অবনতির দিকে। এরই মধ্যে হার্টের অপারেশন শেষে আবারো অসুস্থ বোধ করছেন তিনি। পরিবারের আশা, দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দিলে আলাল ঘুরে দাঁড়াতে পারে। এজন্য সিলেটের দুই মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন আলালের বৃদ্ধা মা।
এক শিশু সন্তানের জনক আলাল জুলাই বিপ্লবের সময় গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারিয়েছেন। তারপর ডান চোখেও সমস্যা দেখা দেয়। চোখের চিকিৎসা চলা অবস্থায় নতুন করে সমস্যা দেখা দেয় হার্টে। বেশ কিছুদিন ধরে তিনি হার্টের বাল্বের সমস্যা নিয়ে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে হার্টের অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের কিছুদিন যেতেই আবারও অসুস্থ বোধ করছেন এই তরুণ। বর্তমানে আবারো শয্যাশায়ী অবস্থায় আছেন আলাল। এ অবস্থায় পরিবারে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৃদ্ধা মা, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্য, স্বজনরা দিশেহারা।
সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকার (আল আমিন-৬৪) বাসিন্দা আলালের ভাই দুলাল বলেছেন, এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেয়া জরুরী। কঠিন এই সময় কি করবো, ঠিক বুঝে উঠতে পারছিনা। এব্যাপারে সিলেটের দুই প্রভাবশালী মন্ত্রী একটু সদয় হলে আমার ভাইয়ের ভাগ্য হয়তো সুপ্রসন্ন হতে পারে।


