বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট আসছেন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৫:০০:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ শনিবার সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, মন্ত্রী আজ বেলা ১১টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তিনি বেলা ২টায় শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকেল ৪টায় জিন্দাবাজারের পুরানলেনে অবস্থিত সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করবেন এবং সিলেট ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে মির্জাজাঙ্গালে অবস্থিত হোটেল নির্ভানা ইন-এ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সন্ধ্যায় সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ধোপাদিঘীর পাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী। সফর শেষে রাত ৮টা ২০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



