জাতির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে
সিলেটে জাতীয় গণহত্যা দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ৩:২০:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার ২৫ মার্চ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত গণহত্যা চালায়। এই নৃশংস ও জঘন্য হত্যাকান্ডের স্মরণে দেশবাসী গভীর শোকের সাথে দিবসটি পালন করে। এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে বাঙালি জাতির ওপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছিলো পাকবাহিনী। তাদের অপারেশন সার্চ লাইটের নামে চালানোয় নারকীয় গণহত্যা ছিলো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নির্বিচারে গণহত্যা ও নির্যাতন বাংলার মানুষকে দমিয়ে রাখতে পারেনি। পাক বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনেন দেশের বীর মুক্তিযোদ্ধারা। পাক বাহিনীর নির্মমতায় নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা আরো বলেন, জাতির আত্মত্যগের ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। আমরা নতুন প্রজন্মের কাছে দিনটির গুরুত্ব ও সঠিক ইতিহাস পৌঁছে দেব। যেন তারা জাতির আত্মত্যাগের শিক্ষায় আগামীর বাংলাদেশ গড়ে তুলেন।
দক্ষিণ সুরমা ঃ দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, গণহত্যা দিবস উপলক্ষে গতকাল দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শিহাব সারার অভী, কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সুশান্ত কুমার মহাপাত্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেষার চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানন্দা রঞ্জন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিমা দাস, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বদরুন নাহার বিউটি প্রমুখ।
ছাতক ঃ ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, সাংবাদিক সাকির আমিন প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,সাংবাদিক,পুলিশ,শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।
জুড়ী ঃ জুড়ী (মৌলভীবাজার) থেকে সংবাদদাতা জানান. জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত গণকবরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী থানা, উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।



