বিশ্বনাথে ওরস নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ৩:২৪:৫৪ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের শাহ ইব্রাহিম মাস্তানের মাজারের ওরসকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ সিলেট- ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রচেষ্টায় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে তিনি আপসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন।
এরআগে দুপুরে তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজার ও ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো মইনুল হকসহ উপজেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় আলেম-উলামা এবং উভয় পক্ষের নেতৃবৃন্দ।
উল্লেখ, গত ২২ মার্চ রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসের ২য় দিনে মাইকে উচ্চস্বরে গান বাজানকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা গানের আসরের স্টেইজ ভাঙচুর করে। পরদিন সকালে দু’পক্ষ একে অপরের বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে। বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হওয়ায় এলাকার সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।


