‘তেল নেই’ লিখা পাম্পে মিললো কয়েক হাজার লিটার জ্বালানি, জরিমানা আদায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:০৩:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত “মে/ ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন”-এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
অভিযানে দেখা যায়, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে স্টোরেজ যাচাই করে বিপুল পরিমাণ জ্বালানি মজুদের প্রমাণ পাওয়া যায়। সেখানে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন সংরক্ষিত ছিল। মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এতে সহযোগিতা করেন।
ইউএনও জাকির মুন্সী জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। তিনি পাম্প মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন এবং প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হয়েছে।




