সিলেটে ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় অবৈধ জিরা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৬:২৩:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ একটি মিনি ড্রাম ট্রাক আটক করেছে পুলিশ। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শাহপরাণ (রহ.) থানাধীন জালালাবাদ সেনানিবাসের প্রজাপতি গেইটের সামনে অবস্থানকালে ১টি মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাক মুরাদপুরের দিকে দ্রুতগতিতে চলে যেতে দেখে পুলিশ ধাওয়া করে। এসময় ড্রাম ট্রাকে থাকা অজ্ঞাতনামা ড্রাইভার মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাকটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আটককৃত মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাক থেকে K.S GOLD Jeera No.1 Quality লেখা সম্বলিত ৮০ বস্তায় আনুমানিক ১৪ লাখ ৩১ হাজার টাকার ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
মো. মনজুরুল আলম জানান, উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি গ্রেফতারে জোড়ালো অভিযান অব্যাহত আছে।




