জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ নৌকা ধ্বংস, দু’জনের কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৮:৫৭:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) জৈন্তাপুর উপজেলার সারী-৩-এর লালাখাল এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।
অপরদিকে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) পলি রানী দেবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের মসকত আলীর ছেলে নবী ইসলাম আমিন (১৯) ও চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নূরউদ্দিন ইসলাম (৪৫)। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬/১৫ ধারায় দুটি মামলায় দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।’



