সিলেটে জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ১০:৫১:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে সিলেটের দুইটি ডিপোতে বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।
আজ শনিবার বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। সিলেটের জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিতে সিলেট নগরীর বাবনা পয়েন্টে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, গত ২৫ মার্চ থেকে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যগণ ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানী তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো হতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা তাও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি, অবৈধ মজুদ সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার রোধে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেটের সূত্রে জানা যায়, সিলেট জেলায় বর্তমানে ১১৪ টি সচল পেট্রোল পাম্প রয়েছে। বর্তমানে সিলেটে প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এরমধ্যে ডিজেল ৭ লাখ লিটার, পেট্রোল ২ লাখ লিটার ওঅকটেনের ১ লাখ লিটারের চাহিদা রয়েছে।



