ফিরছে অনলাইন ক্লাস: ৩ দিন করে অনলাইন-অফলাইনে হবে ক্লাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৭:৪৬:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইননির্ভর না হয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান এবং শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে (সশরীরে) ক্লাস পরিচালনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বা মিশ্রণ শিক্ষণ বলতে প্রথাগত সশরীরে শ্রেণিকক্ষের পাঠদান ও ডিজিটাল বা অনলাইন প্রযুক্তির সমন্বয়কে বোঝায়। এতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও পাঠদান চলবে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে এসব প্রতিষ্ঠানে অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা শুরু করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগির এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সম্মতি পেলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সূত্র আরও জানায়, প্রস্তাবিত ব্যবস্থায় জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনা করা হতে পারে। শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অফলাইনে অনুষ্ঠিত হবে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও প্রভাবিত হয়েছে। এ পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোজা ও ঈদের ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের বিরতির পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে।




