বাঁশতলা স্মৃতিসৌধ ও পর্যটন স্পটে অভিযান : ১০ দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ১০:৪৭:০৬ অপরাহ্ন
তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ ও পর্যটন এলাকায় অভিযান চালিয়ে ১০ দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল সোমবার (৩০ মার্চ) দুপুর থেকে দিনভর বিশেষ এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোয়ারাবাজার উপজেলার নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ৫ নম্বর চেলা সাব-সেক্টর সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মেঘালয়ের পাদদেশে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ ও পর্যটন স্পট। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের পদধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহীদ স্মৃতিসৌধ ও পর্যটন এলাকা। কিন্তু প্রশাসনের সঠিক নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে অসংখ্য দোকানপাটসহ অবৈধ স্থাপনা। পাশাপাশি যত্রতত্র বালু উত্তোলন করায় গর্ত আর খানাখন্দে ভরপুর হয়ে ওঠেছে পুরো এলাকা। ফলে অপরাধের অভয়ারণ্যে সোচ্চার হয়ে ওঠেছে পুরো সংরক্ষিত এলাকা। এতে শুধু পরিবেশ বিধ্বংসই হচ্ছেনা, পাশাপাশি সরকারি ভুমি বেহাত হওয়ারও আশংকা করছেন স্থানীয় অভিজ্ঞ মহল।
অবশেষে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এবং পর্যটন কেন্দ্র এলাকার পরিবেশ সুরক্ষা ও ভারসাম্য রক্ষা, সেই সাথে সরকারি ভূমি উদ্ধার করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজারের বর্তমান সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) অরুপ রতন সিংহ। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



